নড়াইলে জমির বিরোধে ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যা

শ্রমিক ফরহাদ মোল্যার স্ত্রী-সন্তানের আহাজারি
নড়াইলের লোহাগড়া উপজেলার ছায়মানারচর বিলে ধান কাটতে গিয়ে ফরহাদ মোল্যা (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামের ঘটনা এটি।
নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শুক্রবার বিকেলে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ছায়মানারচর গ্রামে হাসান মৌলভী ও দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি হাসান মৌলভীর দখলে থাকায় তিনি সেখানে আমন ধানের চাষ করেন। শুক্রবার সকালে হাসান মৌলভীর পরিবারের লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন ধান কাটতে বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় শ্রমিকরা পালানোর চেষ্টা করলে দাউদ মোল্যার লোকজন ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আলিছা বেগম বলেন, ‘সংসারে অভাব-অনটনের মধ্যে কিছু টাকা-পয়সার জন্য আমার স্বামী অন্যের জমিতে শ্রম দিতে গিয়েছিল। তাকে লাশ হয়ে ফিরতে হলো। আমার একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি ঢাকায় থাকে। মেয়েটি ছোট। এখন আমাদের সংসার কীভাবে চলবে?’
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে শ্রমিক ফরহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।




