আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর

ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুর। ছবি : সংগৃহীত
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তা ওয়াসেফ বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ঘটনা ঘটেছে। এ সময় তিনি নিজে এবং সঙ্গে থাকা কয়েকজন সঙ্গী হামলার শিকার হয়েছেন বলে এক ভিডিও বার্তায় দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়ক মোড়ের ঘটনা এটি। ওয়াসেক বিল্লাহ নোমানী নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকার বাসিন্দা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওয়াসেক বিল্লাহকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান। ভাই, ডাকাত ডাকাত! আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি হেফাজত করো। আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও।’
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার প্রতাপপুর এলাকার রাহেলা পারভীন মহিলা মাদ্রাসা আয়োজিত ওয়াজ মাহফিল শেষে ফিরছিলেন ওয়াসেক বিল্লাহ নোমানী। রাতে বাইপাস সড়কে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ঠেকাতে সরকারদলীয় নেতাকর্মীরা পাহারা দিচ্ছিলেন। এ সময় গাড়িতে সন্দেহভাজন কেউ আছেন কি না, তা দেখতে তারা গাড়িটিকে থামার সংকেত দেন। কিন্তু গাড়ি না থামানোয় পিছু নিয়ে ইটপাটকেল ছোড়েন। এতে গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভেঙে যায়।
ওয়াসেফ বিল্লাহ নোমানী এক ভিডিও বার্তায় জানান, গভীর রাতে বাইপাস সড়ক দিয়ে চল্লিশার উদ্দেশে যাওয়ার পথে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য তিনি গাড়ি নিয়ে নেত্রকোনা শহর অতিক্রম করে মডেল থানায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে হামলাকারীরা পিছু ধাওয়া করে থানার সামনে পর্যন্ত পৌঁছান। সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয়।
ভিডিও বার্তায় তিনি আরও দাবি করেন, এ সময় তার গায়ে হাত তোলার পাশাপাশি তার সঙ্গে থাকা সঙ্গীদের মারধর করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।




