মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ছবি: আগামীর সময়
বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪০) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হোসেন খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত. ইউনুস মোড়লের ছেলে।
মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানালেন, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। রেডি স্টার নামক হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান হোসেন। এ সময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগীসহ স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়।
খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্ট গার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার সম্ভব হয়নি।
মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেনের ভাষ্য, নিখোঁজের খবর পেয়ে অভিযান শুরু করি। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।




