ক্ষমা চেয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা কারাবন্দি নেতার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। গত বুধবার গাজীপুর আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার সময় সাংবাদিক ও উপস্থিত লোকজনের সামনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় পুলিশ তাকে গাজীপুর জেলা গারদখানা থেকে তুলছিল প্রিজন ভ্যানে। এ সময় তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে উপস্থিত লোকজনের উদ্দেশে বললেন, ‘আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি নিয়েছি। আমি আর কোনো দিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
আব্দুল্লাহ আল মামুন মণ্ডল রাজধানীর রূপায়ণ সিটি থেকে গ্রেপ্তার হন ২০২৫ সালের ১৭ জানুয়ারি। এর পর থেকে গাজীপুর কারাগারে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পান মামুন মণ্ডল। এর আগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মামুন মণ্ডল। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
২০২২ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে কারাগারে থাকা অবস্থায় তার আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






