চাঁদপুরে ৪ রেলওয়ে স্টেশনে নিরাপত্তায় আনসার মোতায়েন

ছবি: আগামীর সময়
দেশের চলমান পরিস্থিতিতে রেলওয়ে স্থাপনা, যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তা এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে চাঁদপুর জেলার চারটি রেলওয়ে স্টেশনে ৩৫ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল শনিবার থেকে তারা স্টেশনগুলোয় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট স্টেশনগুলোর রেলওয়ে স্থাপনা, যাত্রীসাধারণের নিরাপত্তা এবং রেল চলাচলের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি জানান, আনসার শুধু চাঁদপুরেই নয়, দেশের বিভিন্ন স্থানে রেলওয়ে নিরাপত্তা জোরদারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের ১৭৭টি রেলওয়ে স্টেশনে দুই হাজার অঙ্গীভূত আনসার সদস্য এবং আরও ৩৮টি স্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, মোতায়েন করা সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।




