মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগারের প্রধান ফটকসহ চারটি স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে সদর থানা পুলিশ পৃথক পৃথক স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাত পৌনে ১০টার দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্থানীয় সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তায় বলা হয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট ও কমিউনিটি সেন্টারের সামনে বিস্ফোরকজাতীয় বস্তু রাখার কথা জানানো হয়।
পুলিশ জানায়, সংবাদকর্মীদের থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে পৃথক চারটি স্থান থেকে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল। কে বা কারা এগুলো রেখেছে তা অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



