ধামরাইয়ে ককটেল-পেট্রলবোমাসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তার পাঁচজন
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলের ঘটনায় চারটি ককটেল ও তিনটি পেট্রলবোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি পুলিশের।
গতকাল শনিবার রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ রবিবার গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।
মামলায় এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান (২২) এবং ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান (২৩)। শাকিবুল হাসান কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং হিমেল ধামরাই পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তার অপর তিনজন হলেন ধামরাইয়ের বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন (২২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা (২৮) এবং একই থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা (২০)। দীপংকর ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে এবং লেলিন ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় ভাড়া থাকতেন। তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এজাহারে বলা হয়েছে, শনিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে তারা সেখানে একত্রিত হয়েছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। তবে সবার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গ্রেপ্তারদের সঙ্গে ধামরাই পৌরসভার সাবেক কমিশনার আমিনুল ইসলাম গার্নেলের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন ওসি।
তার ভাষ্য, গ্রেপ্তারদের সঙ্গে আওয়ামী লীগ নেতা গার্নেলের রাজনৈতিক আলোচনা ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।



