ভাতিজাদের হাতে চাচি খুন

নিহতের বাড়িতে পুলিশ ও স্থানীয়রা— সংগৃহীত
বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে ভাতিজাদের হামলায় চাচি ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শেরপুরের ঝিনাইগাতীতে দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ছানিয়া বেগমের স্বামীর বড় ভাই আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেছেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’







