নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: এমপি বকুল

ছবি: আগামীর সময়
‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী–৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেছেন, ‘দৈনন্দিন জীবনে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অধিকাংশ রোগজীবাণুর বিস্তার রোধ করা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং একটি সুস্থ-সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ‘হাত ধোয়ার নায়ক’ হিসেবে ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুর রহমান ভূঁইয়া, রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার মধ্যে স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।



