ফটিকছড়িতে বর্গাচাষির ধানের স্তূপে আগুন দিল দুর্বৃত্তরা

পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আগামীর সময়
চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে এক বর্গাচাষির কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের লাল-মাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি সুয়াবিল গ্রামের লাল-মাটিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঋণ করে জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন জাহাঙ্গীর। দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো পাকা ধান সোমবার কেটে বাড়িতে নেওয়ার জন্য রাস্তার পাশে স্তূপ করে রেখেছিলেন। রাতে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে পুরো স্তূপ পুড়ে যায়।
আজ মঙ্গলবার সকালে পুড়ে যাওয়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক জাহাঙ্গীর। তিনি বলেন, এলাকায় কারও সঙ্গে আমার কোনো শত্রুতা বা বিরোধ নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করল, তা বুঝতে পারছি না। ঋণ করে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার চালাব কীভাবে, আর ঋণের টাকা কীভাবে শোধ করব, তা ভেবে কোনো কূলকিনারা পাচ্ছি না।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা। তারা পুড়ে যাওয়া ফসল দেখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তার কাটা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা সত্যিই বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




