পাকা ধানে বিষাদের বৃষ্টি

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। অসময়ের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা পড়েছেন বিপাকে। মাঠে পাকা ও কেটে রাখা আমন ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও জমিতে পানি জমে তলিয়ে গেছে কাটা ধান, কোথাও ঝোড়ো বাতাসে হেলে পড়েছে পাকা ধানের শিষ। একই সঙ্গে নতুন করে আবাদ করা আলু, সরিষা, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও শীতকালীন সবজির খেতেও জলাবদ্ধতার প্রভাব পড়ছে। এতে চলতি মৌসুমের ফসল ঘরে তোলা এবং পরবর্তী আবাদ— দুই নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
যশোরের অভয়নগর, শার্শা, দিনাজপুরের হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, নাটোরের সিংড়া ও নলডাঙ্গা এবং চট্টগ্রামের আনোয়ারায় বৃষ্টির প্রভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এসব এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন ধান কাটার মৌসুমে বৃষ্টি শুরু হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টিতে ভেজা ধান দ্রুত শুকানো সম্ভব হচ্ছে না। কোথাও জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজও বন্ধ রয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ২১ হাজার ৭৩৭ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মাহমুদপুর, ভাদুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতির মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় কৃষকদের সেই কাজে বিঘ্ন ঘটেছে।
একই চিত্র দেখা গেছে রংপুরের পীরগঞ্জে। কৃষি অফিসের হিসাবে, চলতি মৌসুমে সেখানে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কিন্তু বৃষ্টিতে মাঠে শুকাতে দেওয়া ধান ভিজে যাওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে।
কাবিলপুর ইউনিয়নের কৃষক রেজাউল পাঁচ বিঘা জমিতে আমন আবাদ করেছিলেন। এর মধ্যে তিন বিঘার ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টিতে সব ভিজে যাওয়ায় এখন ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
নাটোরের সিংড়ায়ও একই পরিস্থিতি। উপজেলার প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। শ্রীকোল গ্রামের কৃষক আব্দুল হক জানালেন, ১০ বিঘা জমির মধ্যে চার বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ছয় বিঘার ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
শুধু আমন ধান নয়, নতুন মৌসুমের ফসল নিয়েও শঙ্কা বাড়ছে। দিনাজপুরের হাকিমপুর ও ঘোড়াঘাটে আলু, সরিষা, ভুট্টা ও শীতকালীন সবজির আবাদ বৃষ্টির পানিতে ঝুঁকিতে পড়েছে। সদ্য রোপণ করা আলু ও সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
হাকিমপুরের কৃষক শাহ আলমের আশঙ্কা, শসা, পেঁয়াজ, করলাসহ বিভিন্ন সবজির খেতে পানি জমেছে। এতে গাছের গোড়া পচে যাওয়ার পাশাপাশি চারার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। আমন ধান কাটার পর যেসব জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করা হয়েছে, সেসব জমিতেও পানি জমে থাকায় পরবর্তী পরিচর্যা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যশোরের শার্শা ও অভয়নগরেও শীতকালীন সবজিচাষিরা উদ্বিগ্ন। শার্শায় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনের ক্ষেতে পানি জমেছে। বুরুজবাগান গ্রামের কৃষক আমির হোসেন জানিয়েছেন, দুই বিঘা জমিতে বাঁধাকপি ও সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। বৃষ্টিতে জমিতে পানি জমায় বাঁধাকপির গাছ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।
চট্টগ্রামের আনোয়ারায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস যুক্ত হওয়ায় আমন ধানের শিষ হেলে পড়ছে। একই সঙ্গে মরিচের ক্ষেতে পানি জমে চারার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সেখানে ৭ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন এবং ২৬০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমদ সরকারের ভাষ্য, মরিচগাছের গোড়ার রোগপ্রতিরোধে ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি কমলে আমন ধান কাটার কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



