মেয়েকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ’ করায় যুবদল নেতাকে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

অভিযুক্ত শাহীন কাজী। সংগৃহীত ছবি
চাঁদপুরের মতলব দক্ষিণে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় যুবকদল নেতা মুকুল দেওয়ান। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করেন তার স্ত্রী মাজসুদা বেগম।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারির বাগানে এই ঘটনা ঘটে। হামলায় আহত মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মতলব পৌর ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মুকুল জানান, তার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে একই এলাকার শাহীন বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন, করছিলেন উত্ত্যক্তও। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে বুধবার প্রতিবাদ করতে যান তিনি। এ সময় অভিযুক্ত শাহীন ক্ষেপে যান।
মুকুলের ভাষ্য, ‘আমিসহ আমার বড় মেয়ে ও ছেলেকে মারধর করেন শাহিন ও তার সহযোগিরা। আমাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।’
মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার এসআই ইমতিয়াজ কবির জানান, এই বিষয়ে তদন্ত চলমান।







