৩ লাখ টাকা দাবি
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়
বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাবি করা টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর ও তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সানোয়ার।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপাশা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮) এ ঘটনায় রবিবার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তারা।
দাবি করা টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতিও দেখায়। পরে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা— বলা হয় এজাহারে।
ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় লোকজন পাঠিয়ে তাকে মারধর করানো হয় এবং মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।
তবে মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। তার দাবি, রুস্তম হাওলাদারের কাছে তিনি দুই লাখ টাকা পান এবং ওই সড়কের নির্মাণকাজে অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন। বিষয়টি বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেছেন, ঘটনাটি কতটুকু সত্য, তা আগে যাচাই করা প্রয়োজন। ঘটনার সব তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে— দাবি সুলতান আহমেদের।
মোটরসাইকেল উদ্ধার কথা জানিয়ে এয়ারপোর্ট থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ওসি।





