লক্ষ্মীপুর
মাঠে আর ফুটবল খেলা হলো না নিহাদের

বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বের হয় নিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর। মাঠের কাছে যেতেই কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারায় সে। মাঠে গিয়ে আর ফুটবল খেলা হলো না তার।
আজ সোমবার রাতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনাটি নিশ্চিত করেন।
বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিহাদ বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। সে স্থানীয় কালিবাজারের পাশে নানার বাড়িতে থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহাদ বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আসে। মাঠ এলাকায় সড়কে তাকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
সৌরভ ও রাজু নামে স্থানীয় কয়েকজন জানায়, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। নিহতের মাথার থেতলে মগজ বের হয়ে গেছে। নিহত কিশোর তার নানার বাড়িতে থাকতো। সে ভালো ফুটবল খেলতো। মাঠে খেলতে এসেই কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। অস্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সে আর পড়েনি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বললেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।






