পানিসম্পদমন্ত্রী
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মেগা প্রজেক্টের উদ্বোধন আগামী বছরের শুরুতেই

কুষ্টিয়ার হরিপুর-শালদাহ পদ্মা-গড়াই মোহনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও কৃষিব্যবস্থার উন্নয়নে বাস্তবায়নাধীন ৩৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্পটি আগামী বছরের শুরুতে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে প্রকল্পটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর-শালদাহ পদ্মা-গড়াই মোহনা পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী।
এ সময় পদ্মা ব্যারেজ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ৩৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকার কাজ করতে হবে। ২০০৪ সালে তৎকালীন সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রকল্পটির টেকনিক্যাল সাপোর্ট ও ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৬ সালে এসে প্রকল্পটি দৃশ্যমান হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিশেষ ভূমিকা রেখেছেন।
প্রকল্পের সুফল তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক রূপান্তর ঘটানো এবং জোরালোভাবে কৃষি কার্যক্রম শুরু করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বর্ষাকালে অতিরিক্ত পানি ও প্লাবনের কারণে নদীভাঙন, বসতবাড়ি ও বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তনের সমস্যা দীর্ঘদিনের। অন্যদিকে, শুকনো মৌসুমে নদীতে পানির সংকট ও পলি জমে থাকার কারণে খালের সঙ্গে নদ-নদীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রকল্পের মাধ্যমে এসব সমস্যা নিরসন করা হবে।’
পরিদর্শনের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



