জাফলং যাওয়ার পথে বাসচাপায় কিশোরীর মৃত্যু

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ জন। ছবি: আগামীর সময়
সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদ্রাসায় পড়তেন।
আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আলী তার বোন ও ভাগনিদের নিয়ে সিলেটে বেড়াতে আসেন। সকালে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলং যাচ্ছিলেন। সিলেট গ্যাস ফিল্ডের প্রধান ফটকের সামনে পৌঁছালে উল্টা দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার এসআই মোহাম্মদ জাকির হোসেনের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত ছিল। এতে যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন তিনি।







