ভাঙা ঘরে ৪৫ বছর, অসহায় নুরের স্বপ্ন একটি নিরাপদ ঘর

ঘরের সামনে নুর আক্তার
মাথার ওপর ভাঙাচোরা টিনের চাল। বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে ঘরের ভেতর পানি পড়ে। সেই পানির মধ্যেই রাত কাটাতে হয় জন্মগত শারীরিক প্রতিবন্ধী নুর আক্তারকে। কখনো খাবার জোটে, কখনো কাটে অনাহারে। বাবা-মা নেই, নিজের সংসারও গড়া হয়নি। জীবনের ৪৫ বছর পেরিয়ে গেলেও জোটেনি নিরাপদ আশ্রয়। সরকারি প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে পাওয়া ১ হাজার টাকাই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর হালকার পাড়ায় থাকেন নুর আক্তার। স্থানীয় মানুষের কাছে তিনি মাই বুরি নামে পরিচিত। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাননি তিনি। জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন।
নুর আক্তারের বাবা তৈয়ব আলী ও মা রহিমা বেগম অনেক আগেই মারা গেছেন। নিজের সংসারও গড়ে ওঠেনি তার। ভাইয়েরা নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত থাকায় অনেকটা একাকী জীবন কাটে তার। অসুস্থতা কিংবা বিপদের সময় পাশে থাকার মতো আপনজনের অভাবও অনুভব করেন প্রতিনিয়ত।
জীবিকা নির্বাহের জন্য তার কোনো কাজ বা স্থায়ী আয়ের উৎস নেই। সরকারি প্রতিবন্ধী ভাতা হিসেবে প্রতি মাসে পান ১ হাজার টাকা। বর্তমান বাজারে এই অর্থ দিয়ে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাই কঠিন। ভাতার টাকা দিয়ে কিছুদিন চললেও মাসের বাকি সময় কীভাবে কাটবে, সেই দুশ্চিন্তা তাকে তাড়া করে। কখনো স্থানীয় মানুষের সহযোগিতা পান, আবার কখনো প্রয়োজনীয় খাবারটুকুও জোটে না।
তার থাকার ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। টিনের চালের বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলেই ঘরের মেঝেতে পানি জমে। ঝড়-বৃষ্টির রাতে ঘরের ভেতরেও নিরাপদে থাকার উপায় থাকে না।
নুর আক্তারের চাওয়া খুব বেশি নয়। দামি পোশাক বা বিলাসী জীবনের স্বপ্ন দেখেন না তিনি। বৃষ্টির পানি ঢুকবে না, এমন একটি ঘর এবং প্রতিদিন অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা চান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একা জীবন চালিয়ে নেওয়ার অনিশ্চয়তাও বাড়ছে।
নুর আক্তার বললেন, ‘আমার বাবা-মা কেউ বেঁচে নেই। নিজের সংসারও হয়নি। অনেক কষ্ট করে দিন পার করি। সরকার থেকে প্রতি মাসে ১ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পাই। এই টাকা দিয়ে ঠিকমতো খাবার জোটে না। আমার থাকার ঘরটির অবস্থাও খুব খারাপ। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। অনেক সময় ভিজেই রাত কাটাতে হয়। সরকার বা সমাজের বিত্তবান কেউ যদি আমাকে একটি ভালো ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে জীবনের বাকি দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারব।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন, নুর আক্তার প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত। তিনি প্রতি মাসে ১ হাজার টাকা করে তিন মাসে ৩ হাজার টাকা ভাতা পান। তার অসহায়ত্বের বিষয়টি খতিয়ে দেখা হবে। জীবনযাপনের বর্তমান অবস্থা যাচাই করে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য কি না, সেটিও যাচাই করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানিয়েছেন, নুর আক্তারের মানবেতর জীবনযাপনের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। তার অসহায়ত্ব ও বসবাসের সমস্যার বিষয়টি বিবেচনা করে সরকারি বিভিন্ন সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।




