দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগ

সেভেন আপ ও দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিচ্ছেন ব্রাজিল সমর্থক
বরিশালে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন এক কলেজশিক্ষার্থী। সারা দেশে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের ধরা পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি এ সিদ্ধান্ত নেন।
আজ রবিবার দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে এ আয়োজন করেন তাওহীদ ইসলাম। তিনি কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গোসলের পর আর্জেন্টিনার সমর্থকরা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
তাওহীদ ইসলাম বলেছেন, ‘খেলায় হার-জিত থাকবেই, সেটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়ায় আমি মর্মাহত। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থকরা জার্সি পরে ইভটিজিংও করছে। এই কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ ও সেভেনআপ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।’
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানান, দুধ ও সেভেনআপ দিয়ে গোসল করে এবং শপথবাক্য পাঠের মাধ্যমে তাওহীদ ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। ‘আমরা তাকে স্বাগত জানিয়েছি’— বলেছেন তিনি।
তাওহীদের এমন সিদ্ধন্তে কলেজ ক্যাম্পাসে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে তারা আনন্দ-উল্লাস করেন।



