একনেকে পাস হলো ডা. শামীমের প্রচেষ্টায় মতলবে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের ঐকান্তিক প্রচেষ্টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে মতলববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হলো।
জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ডা. সরকার মাহবুব আহমেদ শামীম সেতুটি নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরেন। তার এই উদ্যোগ ও প্রচেষ্টার ফলে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে পৌঁছায় বলে জানা যায় ।
প্রকল্পের তথ্য অনুযায়ী, উত্তর টরকী পাকা সড়ক থেকে তাতুয়া মিজিবাড়ী হয়ে শিবপুর খেয়াঘাটগামী সড়কের ২ হাজার ৫০০ মিটার চেইনেজে ধনাগোদা নদীর ওপর এই সেতু নির্মিত হবে।
স্থানীয়রা জানান, সেতুটি বাস্তবায়িত হলে মতলব উত্তর ও মতলব দক্ষিণসহ কচুয়া, হাজীগঞ্জ এবং আশপাশের উপজেলার মানুষের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। সহজ হবে শিক্ষা, চিকিৎসা, কৃষি, মৎস্য ও ব্যবসা-বাণিজ্যের প্রসার। বিশেষ করে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ৬৪.৪০ কিলোমিটার বেড়িবাঁধ ঘিরে পর্যটন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আন্ত উপজেলা যোগাযোগের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এলাকায় সরজমিনে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, একসময় অভিন্ন উপজেলা থাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণের মানুষের মধ্যে পুরনো ভ্রাতৃত্ব, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতও হবে আরও সহজ ও সাশ্রয়ী।
প্রকল্পটি অনুমোদন পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম মতলববাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, একনেক সভায় উপস্থিত সংশ্লিষ্ট সব সদস্য এবং প্রকল্পটি বাস্তবায়নের পথে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ডা. শামীম বিসিবি পরিচালক ও মেডিকেল কমিটির চেয়ারম্যান, বিপিএমপিএর মহাসচিব এবং ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার নির্বাচনী এলাকা চাঁদপুর-২ আসনের মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি অতিদ্রুত সেতুটির নির্মাণকাজ শুরু হয়ে মতলববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে- ইনশাআল্লাহ।



