মেঘনায় ইয়াবাসহ মা-মেয়ে ও যুবক গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
কুমিল্লার মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকা থেকে ইয়াবাসহ মা-মেয়ে ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদের মধ্যে দুজনকে ৩০ দিন ও একজনকে ৭ দিনের কারাদণ্ড দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এলাকার মৃত সুন্দর আলীর স্ত্রী আবেদা বেগম (৬০) ও তার মেয়ে রিনা আক্তার (৩০) এবং লক্ষণখোলা গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩০)।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে শিকিরগাঁও এলাকায় রিনা আক্তারের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা কেনাবেচার সময় জাহাঙ্গীরকে রিনার দোকান থেকে আটক করা হয়। পরে আবেদা বেগম ও রিনাও গ্রেপ্তার করা হয়। রিনার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।




