রংপুর মেডিকেলে আর কোনো সিন্ডিকেট থাকবে না: রাশেদ খাঁন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রাশেদ খাঁন। ছবি: আগামীর সময়
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পারলে আগামীকাল থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
আজ শুক্রবার সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে রাশেদ খাঁনের কথা হয়েছে বলে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করলে পুলিশ মোতায়েন করা হবে। হাসপাতাল ক্যাম্পাসের আশপাশে মাদকের ব্যবহার ও সিন্ডিকেট ঠেকাতেও পুলিশ কাজ করবে বলেও জানালেন তিনি।
তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও কেউ হাসপাতালকে জিম্মি করে সিন্ডিকেট তৈরি বা রোগী ও স্বজনদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খাঁন
১১ সেপ্টেম্বর ২০২৬
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আরও উন্নত পর্যায়ে নেওয়া হবে। তখন রংপুর বিভাগের মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। আধুনিক চিকিৎসাসেবা এই অঞ্চল থেকেই পাওয়া যাবে।
হাসপাতাল পরিদর্শনের সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান উপস্থিত ছিলেন।




