ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর সদরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের আলোচিত ঘটনায় মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আসামি জিহাদ খানকে (২৮)। গতকার শনিবার রাতে মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জিহাদের বাড়ি ওই এলাকায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হাসান শিকদার এসব নিশ্চিত করেছেন।
মামলাসূত্রে জানা গেছে, উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের শিশুটি গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ তার মুখে বিষাক্ত রাসায়নিক চেপে ধরে। জ্ঞান হারালে মেয়েটিকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়।
জ্ঞান ফেরার পর মেয়েটি পাশের এক বাড়িতে গিয়ে ঘটনা জানায়। পরে তার মা কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন জিহাদের নামে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে ধরতে শুরু করে অভিযান। তিনদিনের মধ্য আসামিকে মাদারিপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।




