রংপুর
বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

ছবি: আগামীর সময়
যাত্রীবাহী বাসচাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণাকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম রংপুর নগরীর জিয়াতপুকুর মাজার শরিফ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম তার সাত বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে মহাসড়কের লোকাল লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় আরএম স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ লেন পরিবর্তন করে লোকাল লেনে উঠে গেলে তিনি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। তবে দুর্ঘটনার মুহূর্তে আবুল কাশেম তার মেয়েকে সড়কের পাশে সরিয়ে দেওয়ায় শিশুটি অক্ষত থাকে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে বাসচালক ও তার সহকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
রংপুর মহানগর তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




