ছুটি ও হাজিরায় গরমিল, কর্মস্থল ছেড়ে অন্য জেলায় ২৩ শিক্ষক

গ্রাফিকস: আগামীর সময়
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছুটির বিধি লঙ্ঘন করে টাঙ্গাইলের মধুপুরে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৬ আগস্ট তারা পূর্বধলার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিদুল হককে সংবর্ধনা দিতে মধুপুর উপজেলা শিক্ষা কার্যালয়ে যান। তাদের মধ্যে ১৪ জন প্রধান শিক্ষক ও ৯ জন সহকারী শিক্ষক। এ ঘটনায় ছুটি নেওয়া এবং বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে।
শিক্ষকদের কয়েকজন মধুপুরে একসঙ্গে উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩ শিক্ষকের মধ্যে ১০ জন নৈমিত্তিক ছুটি (সিএল) নিয়েছিলেন। বাকি ১৩ জনের ছুটির বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে ১৪ জন প্রধান শিক্ষকের মধ্যে সাতজনের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর পাওয়া গেছে। খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিনের হাজিরা খাতায় স্বাক্ষরের ঘর হোয়াইট ফ্লুইড দিয়ে মুছে সেখানে লাল কালিতে ‘সিএল’ লেখা দেখা গেছে। তবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বললেন, বিশেষ প্রয়োজনে অন্য জেলায় যেতে হলে ছুটির আবেদনে তা উল্লেখ করতে হয়।
সাবেক শিক্ষা কর্মকর্তা মফিদুল হক জানিয়েছেন, শিক্ষকরা হঠাৎ তার কার্যালয়ে গিয়েছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক বলেছেন, ‘অনিয়মের অভিযোগ লিখিতভাবে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বললেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



