সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তাররা
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঞ্চম আমলি আদালতে তাদের হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় আটক ৩০ জনসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মামলায় পলাতক আসামি হিসেবে শাহপরাণ থানাধীন শিবগঞ্জ হাতিমবাগ এলাকার উছতার আলীর ছেলে আবদুল হামিদের (২৩) নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দুটি হাইয়েস মাইক্রোবাস আটক করে পুলিশ। পরে গাড়ি দুটির ভেতর থেকে ৩০ জনকে আটক করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে আরও দুটি হাইয়েস গাড়ি ও একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তাররা অধিকাংশই সিলেট নগরীর তেররতন এলাকার বিভিন্ন কলোনির বাসিন্দা।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাজু আহমদ (২১), জীবন মিয়া (২১), মাহবুবুর রহমান রনি (২০), তাজু ইসলাম নাহিদ (১৯), মো. রাসেল (১৬), সাকিব আল হাসান (১৬), শেখ রাব্বি (১৬), সুমন আহমদ (১৯), মামুন মিয়া (১৯), সায়েম আহমদ (১৯), ফয়জুল খন্দকার, শেখ রবিন (২০), হাসান রেজভী শেখ (২০), মাহি (২১), হৃদয় আহমদ (২২), আকাশ (২১), সুমন আহমদ (২০), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. নাহিদুল ইসলাম (১৫), জিয়া উদ্দিন (৩৪) ও গাজী মিয়া (২০)। এদের মধ্যে বেশ কয়েকজন কিশোরও রয়েছে।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



