জামালপুর
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

তাহমিদ হাসান রাফি। ছবি: আগামীর সময়
জামালপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকার মুফতি জাকারিয়া হাসানের ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও রাফির বন্ধুদের তথ্য অনুযায়ী, তীব্র গরমের কারণে দুপুরে রাফিসহ চার বন্ধু সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরপাড়ে বসেছিলেন। এ সময় পুকুরে অনেকেই গোসল করছিলেন। তাদের দেখে রাফির তিন বন্ধু পানিতে নামেন। রাফি সাঁতার জানতেন না বলে প্রথমে পুকুরে নামেননি। তবে কিছুক্ষণ পর তাকে আর পুকুরপাড়ে দেখা যায়নি। তার ব্যবহৃত স্যান্ডেল ও পাওয়ারের চশমা পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে বন্ধুরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাফির বন্ধু ও পুকুরে থাকা অন্যরা তাকে খুঁজতে পানিতে নামেন। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাফির বন্ধু সারোয়ার হোসেন জানান, তারা বৃষ্টির মধ্যে গোসল করছিলেন। হঠাৎ রাফিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পরে ভালো সাঁতার ও ডুব দিতে পারেন এমন কয়েকজনকে নিয়ে অনুসন্ধান চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, কলেজের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাফির বাবা মুফতি জাকারিয়া হাসান সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারটি কলেজ মসজিদের আবাসিক ভবনে বসবাস করে।




