সিলেটে হাম উপসর্গে থামল আরও তিন শিশুর প্রাণ

ছবি: আগামীর সময়
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। মৃত তিন শিশুর মধ্যে একজন সিলেটের এবং দুজন সুনামগঞ্জের বাসিন্দা। তাদের বয়স ৫ মাস থেকে ১ বছরের মধ্যে। তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আজ শুক্রবার এসব তথ্য জানালেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
জানা যায়, মৃত শিশুদের মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার শামীমের ৯ মাস বয়সী শিশু আবিদুর রহমান, সুনামগঞ্জের তাহিরপুরের মোহন মিয়ার ৫ মাস বয়সী শিশু সাইম এবং দিরাইয়ের সাদিকুর রহমানের ১ বছর বয়সী শিশু তানহা রয়েছে। তাদের মধ্যে আবিদুর রহমান ও তানহা ২৬ নভেম্বর এবং সাইম ২৫ নভেম্বর মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৫৪ জন এবং বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৫১৮ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২১ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৪৮, হবিগঞ্জে ২৯৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৬০৫ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেটে ১১৯, হবিগঞ্জে ৩৯, মৌলভীবাজারে ৫ এবং সুনামগঞ্জে ৭ জন রয়েছেন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ২২৫ এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০৩, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।
চিকিৎসকরা জানালেন, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের অনেকেই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত এলাকার বাসিন্দা।
এদিকে, হাম প্রতিরোধ ও নির্মূলে টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। শিশুদের সময়মতো টিকা প্রদান এবং হাম উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।



