ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান, ১ লাখ টাকা জরিমানা

ছবি: আগামীর সময়
নাটোরের লালপুরে ভিন্ন দুটি স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পৃথক অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত।
আজ রবিবার সকালে অভিযানগুলো পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে ভাই ভাই ওয়েল সেন্টার নামে একটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, অবৈধভাবে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল ১ হাজার ৩০০ লিটার ডিজেল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় শাহিনকে।
ম্যাজিস্ট্রেট আবীর বলেছেন, বৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। জনগণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

