কাপ্তাই হ্রদে নেমে নিখোঁজ, ৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবারে সদর উপজেলার কাইন্দ্যারমুখ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কিশোরের নাম নবজিৎ চাকমা (১৭)। সে খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নবজিৎ তার এক বন্ধুর সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গেলেও নবজিৎ এর বন্ধু তীরে উঠতে সক্ষম হয়। পরে তার ওই বন্ধু স্থানীয় কয়েকজনের সহায়তায় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেছেন, নবজিৎ ও তার বন্ধু একটি বিয়ের দাওয়াত খেতে এখানে এসেছিল। দুপুরে কাইন্দ্যারমুখের জারুলতলা এলাকায় হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায় সে। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ইউএনও এবং ফায়ার সার্ভিসকে জানাই। পরে প্রায় ৫ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাসের ভাষ্য, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু গতকালের বৃষ্টির ফলে হ্রদে স্রোত ও ঘোলা পানির কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটে।পাঁচঘন্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়।







