ফুলবাড়িয়া
একযোগে এনসিপির ১৪ নেতার পদত্যাগ

ছবি: আগামীর সময়
জুলাইবিরোধী ও হত্যা মামলার আসামি থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়িয়ায় নবগঠিত ৫১ সদস্যর আহ্বায়ক কমিটি থেকে ১৪ নেতা পদত্যাগ করেছেন।
এদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, একজন জুলাই শহীদের স্ত্রীও আছেন।
আজ শনিবার বিকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ করেন।
গত ৭ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়িয়া শাখার মো. মুঞ্জুরুল হক মামুনকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার সানাউল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার ওমর শরীফকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেনকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা এনসিপির আহ্বায়ক এ টি এম মাহবুব উল আলম ও সদস্যসচিব জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন ও যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল জোবায়ের।
বক্তব্যে তারা উল্লেখ করেন, আহ্বায়ক কমিটিতে হত্যা মামলার আসামি, ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টির নেতা মো. মুঞ্জুরুল হক মামুনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অনেক বিতর্কিত লোকজন রয়েছে। জেলার নেতাদের জানানোর পরও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় আহ্বায়ক কমিটির পদ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল জোবায়ের, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক মো. আতাউল উসমান গণি, যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার তাহমিদ তালুকদার, জহিরুল ইসলাম, মাসিকুর রহমানসহ সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. আবু রাসেল শেখ, জুলাই শহীদ হাফিজুল ইসলামের সহধর্মিণী, জুলাই গণঅভ্যুথানবিষয়ক সম্পাদক আখলিমা আক্তার আঁখি, সদস্য এভারেস্ট, সাদ্দাম হোসেনসহ ১৪ জন পদত্যাগ করেছেন।
আহ্বায়ক মো. মুঞ্জুরুল হক মামুনের ভাষ্য, সবার সঙ্গে আলোচনা করেই আহ্বায়ক কমিটি করা হয়েছে। কোনো বিতর্কিত লোক নেই। জাতীয় পার্টি ও হত্যা মামলার কোনো আসামি কমিটিতে রয়েছে কি না তা জানা নেই।







