জুমার খুতবায় বক্তব্য দিয়ে বিপাকে আমির হামজা

আমির হামজা। ফাইল ছবি
কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। ‘জেলা প্রশাসক ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে বদলি হয়ে এসেছেন’— তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী মো. আব্দুল মজিদ।
আজ সোমবার পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, ‘গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য আমির হামজা। সেখানে তিনি দাবি করেন, বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন কুষ্টিয়ার বর্তমান ডিসি। তার এই বক্তব্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।’
‘সরকার যখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর, তখন প্রশাসনের একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের স্বপক্ষে প্রমাণ থাকা আবশ্যক। প্রমাণ দিতে ব্যর্থ হলে এটি কেবলই গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে গণ্য হবে। নির্ধারিত সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব বা উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হলে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আমির হামজার বিরুদ্ধে,’ উল্লেখ রয়েছে নোটিশে।
আইনজীবী আব্দুল মজিদ বলেছেন, ‘নোটিশে সুনির্দিষ্ট জবাব চাওয়া হয়েছে এমপির কাছে।’ এ বিষয়ে জানতে সংসদ সদস্য আমির হামজার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায় নম্বরটি।

