অবৈধ বালু উত্তোলনে ভাঙন, এক দিনেই নদীতে হারালেন কৃষকের জমি

ছবি: আগামীর সময়
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে দেখা দিয়েছে ভাঙন। এক দিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে একটি গ্রামীণ সড়কের বড় অংশ ও পাশের ফসলি জমি। এতে কৃষক ঝর্ণা বেগমের ৩৪ শতাংশ জমির মরিচখেত নদীতে বিলীন হয়ে গেছে। সড়ক হারিয়ে চলাচলে দুর্ভোগে পড়েছেন গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও বাধা দেওয়ার কেউ ছিল না। শেষ পর্যন্ত ভাঙনের মুখে পড়েছে গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক। ঘটনার পর অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত সোমবার সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সুখনগরী গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে যমুনার একটি শাখা নদী। নদীর দক্ষিণ তীরঘেঁষে রয়েছে গ্রামবাসীর চলাচলের একটি সড়ক। সড়কের পাশেই বিস্তীর্ণ ফসলের মাঠ। সেখানে ধান, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ করেন স্থানীয় কৃষকেরা। নদীর তীরের একটি অংশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চিহ্ন রয়েছে। সেখানে তৈরি হয়েছে গভীর খাদ। সেই খাদ থেকেই ভাঙনের সূত্রপাত। একপর্যায়ে নদীতে বিলীন হয়ে যায় সড়কের বড় অংশ ও পাশের ফসলি জমি।
সড়কটি ভেঙে যাওয়ায় বিকল্প পথ না পেয়ে ফসলের খেতের ওপর দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ হেঁটে, কেউ সাইকেল কিংবা মোটরসাইকেলে যাতায়াত করছেন। এতে একদিকে চলাচলে দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে অন্যের জমির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে নতুন ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ভাঙন আতঙ্কে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকেরা দ্রুত ধান কেটে ঘরে তুলছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক ঝর্ণা বেগম। নদীর তীরঘেঁষে তার ৩৪ শতাংশ জমিতে মরিচের আবাদ ছিল। বাবা জালাল উদ্দিন তাকে জমিটি দিয়েছিলেন। এই জমিতে চাষাবাদ করেই চলত তার সংসার। এবারও জমিতে মরিচের আবাদ করেছিলেন তিনি। গাছে মরিচ ধরেছিল। আর কিছুদিন পরই ফসল বিক্রির উপযোগী হতো। কিন্তু জমির কাছাকাছি দীর্ঘদিন বালু উত্তোলনের ফলে নদীতে গভীর খাদ তৈরি হয়। একপর্যায়ে এক দিনের ব্যবধানে মরিচখেতসহ পুরো জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
ভাঙনস্থলে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে ঝর্ণা বেগম বললেন, ‘কতবার তাদের হাতে-পায়ে ধরেছি, যেন এখান থেকে বালু না তোলেন। কিন্তু তারা আমার কোনো কথাই শোনেননি। দীর্ঘদিন ধরে একই জায়গা থেকে বালু তোলার কারণে আজ বাবার দেওয়া জমিটুকুও হারিয়ে ফেলেছি। এই জমিতে চাষাবাদ করেই আমার সংসার চলত। এখন আমি কী নিয়ে বাঁচব? আমি এর ক্ষতিপূরণ চাই। আমার জমি আগের মতো ফিরিয়ে দিন।’
বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে কথা বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানালেন, স্থানীয় মো. আজাদের নেতৃত্বে একটি চক্র সেখানে বালু উত্তোলন করছিল। আজাদের কোনো দলীয় পরিচয় না থাকলেও এলাকায় তিনি প্রভাবশালী হিসেবে পরিচিত।
ভাঙনস্থলের পাশেই নিজের জমিতে ধান কাটছিলেন কৃষক আলফাজ আলী। প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, ‘এই বালু উত্তোলন নিয়ে গ্রামের কৃষকদের সঙ্গে ড্রেজারমালিকদের অনেকবার বিরোধ হয়েছে। তারা অনেক প্রভাবশালী। তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আমার জমির আগেই ঝর্ণা বেগমের জমি ছিল। সেটি নদীতে বিলীন হওয়ার পর এবার ভাঙন আমার জমির দিকে এগিয়ে এসেছে। কখন যে আমার জমিটুকুও নদীতে চলে যায়, সেই ভয়ে আগেভাগেই ধান কেটে নিয়ে যাচ্ছি। আমরা চাই, এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা হোক।’
স্থানীয় কৃষক আব্দুল করিমের ভাষ্য, ‘যারা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেছেন, তারাও এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন। অথচ এখন তাদের বালু উত্তোলনের কারণে রাস্তাটিই নদীতে বিলীন হয়ে গেছে। বাধ্য হয়ে গ্রামের মানুষ ধানখেতের ওপর দিয়ে চলাচল করছেন।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহাম্মেদ জানায়, রাস্তা ভেঙে যাওয়ায় স্কুলে যেতে সমস্যা হচ্ছে। এখন অন্যের ফসলি জমির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু যাদের জমির ওপর দিয়ে মানুষ চলাচল করছে, তারা বাধা দিলে গ্রামবাসী কোথায় যাবে?
পথচারী হাফেজ আবদুর রহমান বললেন, ‘বালু উত্তোলনকারীরা আমাদের চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। আমরা চাই, রাস্তাটি আগের মতো পুনর্নির্মাণ করে দেওয়া হোক।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মো. আজাদ দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। উত্তোলিত বালু নির্দিষ্ট স্থানে মজুত করে পরে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সমঝোতা করে এ ব্যবসা চালিয়ে আসছিলেন বলেও অভিযোগ তাদের। বাসিন্দাদের ভাষ্য, ড্রেজার বসানোর পর গ্রামের অনেকে তাকে বালু উত্তোলন বন্ধ করতে বলেছিলেন। কিন্তু তিনি কারও আপত্তিতে কর্ণপাত করেননি। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে নদীর তীর দুর্বল হয়ে ভাঙন দেখা দিয়েছে বলে তাদের অভিযোগ।
অভিযুক্ত মো. আজাদ বললেন, ‘বালু উত্তোলনে কারও অনুমতি নেওয়া হয়নি। সত্যি কথা, বালুগুলো আমার এক আত্মীয়ের বাড়িতে দেওয়ার জন্য উঠিয়েছিলাম। এখন আর বালু উত্তোলন করব না।’
মাদারগঞ্জ ইউএনও সুমন চৌধুরী বললেন, ‘গত সোমবারই ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পারি। বালু উত্তোলনের কারণে সেখানে একটি গ্রামীণ সড়ক ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিলীন হয়ে যাওয়া গ্রামীণ সড়কটি পুনর্নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেছেন, ‘যেকোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। ওই এলাকার বিষয়টি সরেজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



