ঢাকা–রংপুর মহাসড়কে তীব্র যানজট, গোবিন্দগঞ্জে ভোগান্তি চরমে

ছবি: আগামীর সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–রংপুর জাতীয় মহাসড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার দুপুরে দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটে স্থবির হয়ে পড়ে যান চলাচল, এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয়রা জানান, ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ, সড়কের ওপর পরিবহন কাউন্টার বসিয়ে যাত্রী ওঠানামা, চলমান ওভারপাস নির্মাণ কাজ এবং ছয় লেন প্রকল্পের ধীরগতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকা–রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশের বোয়ালিয়া মোড় থেকে বকচর আলু স্টোর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি দিনাজপুর–গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের থানা মোড় থেকে তরফকামাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশেও যান চলাচল ব্যাহত হচ্ছে।
চালক ও যাত্রীরা জানান, এক কিলোমিটার পথ পার হতে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সময় ব্যয় করতে হচ্ছে।
অরিন পরিবহনের যাত্রী মিজান চৌধুরী বলেছেন, ঈদের পর যাত্রী চাপ বেড়েছে। সড়কের ওপর বাস কাউন্টার, চলমান নির্মাণ কাজ এবং বিকল্প রাস্তা না থাকায় নিয়মিত যানজট তৈরি হচ্ছে।
একই বাসের যাত্রী সিরাজ জানান, পলাশবাড়ী থেকে গোবিন্দগঞ্জ পৌঁছাতে সাধারণত ১৫ থেকে ২০ মিনিট লাগে, কিন্তু এবার প্রায় পৌনে দুই ঘণ্টা সময় লেগেছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী ফারুক হোসেন ছন্দ বলেছেন, গোবিন্দগঞ্জের চক্ষু হাসপাতাল থেকে হিমাদ্রি কোল্ড স্টোরেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে যানজট নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রশস্ত সড়ক থাকলেও কার্যত সংকীর্ণ পথে যান চলাচল করতে হচ্ছে।
গোবিন্দগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মহিউদ্দিন বলেছেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। পাশাপাশি হাইওয়ে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, চলমান ছয় লেন ও ওভারপাস নির্মাণ কাজ শেষ হলে যানজটের সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সাউথ এশিয়ান সাব–রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। এই প্রকল্পে চীনা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন কাজ করছে।





