লক্ষ্মীপুর
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

আব্দুর রহমান শাহেদ। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
গ্রেপ্তার শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে। তিনি দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
জুয়েলকে পেটানোর ঘটনায় গত সোমবার সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। ওইদিন রাতে জুয়েলের বাবা শাহজাহান সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, একটি মোবাইল বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় গত রবিবার রাতে সাহাপুর এলাকায় তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা করেন। এ সময় তাকে লাঠিসোঁটা নিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা হয়। এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথিসহ হাসপাতালের জরুরি বিভাগে থাকা কাঠের চেয়ার দিয়ে পিটিয়ে জখম করা হয়।
এ সময় হাসপাতালের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। পরে জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান জানিয়েছেন, শাহেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




