আমের দেশে কমলার ঘ্রাণ

আমের জন্য বিখ্যাত রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এখন ছড়িয়েছে কমলার ঘ্রাণ। খরাপ্রবণ এলাকার রুক্ষ মাটিতে চীন, ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন জাতের কমলা চাষ করে সাফল্য পেয়েছেন উদ্যোক্তা কাউসার। গোদাগাড়ীর গোগ্রামে তার প্রায় ২০ বিঘার বাগানে রয়েছে দুই হাজারের বেশি কমলাগাছ। এসব গাছের ফল বিক্রি করে বছরে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা আয় করছেন তিনি। তার সাফল্যে আমের পাশাপাশি কমলা চাষেও নতুন সম্ভাবনা দেখছেন এ অঞ্চলের কৃষকরা।
গোগ্রামে প্রায় ৬০ বিঘা জমি জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন ফলের বাগান। এর মধ্যে কাউসারের কমলার বাগান রয়েছে প্রায় ২০ বিঘা জমিতে। বাগানে কমলাগাছের সংখ্যা দুই থেকে আড়াই হাজার। গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে রসালো কমলা। নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু হয় ফল সংগ্রহ ও বাজারজাত। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এসব কমলা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
কাউসারের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিটি গাছে গড়ে প্রায় দুই মণ কমলা পাওয়া যায়। প্রতি মণ কমলার গড় বিক্রয়মূল্য ৪ হাজার ২০০ টাকা। প্রায় দুই হাজার গাছের উৎপাদন ও এই দর ধরে বছরে তার কমলা বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। ফলের স্বাদ ও মিষ্টতা ভালো হওয়ায় ক্রেতাদের মধ্যেও চাহিদা তৈরি হয়েছে।
তবে এই সাফল্যের পথ মসৃণ ছিল না। ৮-৯ বছর আগে কমলা চাষ শুরু করেন কাউসার। বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়ায় বিদেশি জাতের কমলা টিকবে কি না, তা নিয়ে শুরুতে সংশয় ছিল তার। ফলন ও গুণগত মান নিয়েও ছিল অনিশ্চয়তা। কিন্তু গাছে ফল আসার পর সেই ধারণা বদলে যায়। ফলের স্বাদ ও বাজারে চাহিদা দেখে ধীরে ধীরে বাণিজ্যিকভাবে চাষের পরিধি বাড়ান তিনি।
বাগানে জৈব ও রাসায়নিক সার প্রয়োগের পাশাপাশি নিয়মিত গাছের পরিচর্যা করেন শ্রমিকরা। রোগবালাই পর্যবেক্ষণ এবং ফলের মান বজায় রাখার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়। বাগানে প্রতিদিন কাজ করেন প্রায় ৪০ জন শ্রমিক। ফলে কমলা চাষের আয় শুধু উদ্যোক্তার মধ্যে সীমাবদ্ধ নেই; স্থানীয় মানুষের কর্মসংস্থানেও ভূমিকা রাখছে।
কাউসার মনে করেন, দেশের মাটিতে উৎপাদিত ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো প্রয়োজন। দেশীয় ফলের বাজার সম্প্রসারিত হলে কৃষকরা নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন। এতে বিদেশি ফলের ওপর নির্ভরশীলতাও কমানো সম্ভব হবে।
গোগ্রামে ফল চাষের বিস্তারের পেছনে রয়েছে দীর্ঘদিনের উদ্যোগ। মাটিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ গোলাম মর্তুজার ভাষায়, কৃষির উন্নয়ন ও মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এ অঞ্চলে ফলের বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ১৫ থেকে ২০ বছর আগে মাল্টা, লেবু ও কমলার আবাদ শুরু হয়। বর্তমানে গোগ্রাম এলাকায় প্রায় ৬০ বিঘা জমিতে বিভিন্ন ফলের বাগান রয়েছে। এসব বাগান স্থানীয় ফল উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে।
গোগ্রামের এই উদ্যোগের প্রতিফলন দেখা যাচ্ছে জেলার সামগ্রিক কমলা চাষেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে রাজশাহী জেলায় কমলার বাগানের পরিমাণ ছিল প্রায় পাঁচ হেক্টর। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ হেক্টরে। অর্থাৎ পাঁচ বছরে কমলার আবাদ বেড়েছে চার গুণ। চলতি মৌসুমে জেলায় ২৩৫ টন কমলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) পাপিয়া রহমান মৌরীর ভাষ্য, রাজশাহী আমের জন্য পরিচিত হলেও জেলায় এখন বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফলের চাষ বাড়ছে। বিশেষ করে দার্জিলিং ও চীনের বিভিন্ন জাতের কমলার আবাদ সম্প্রসারিত হচ্ছে। উৎপাদিত কমলার গুণগত মান ও মিষ্টতাও ভালো। কৃষকরা এসব ফলের ভালো দাম পাচ্ছেন।
তার মতে, এ প্রবণতা ধরে রাখা গেলে রাজশাহীসহ দেশের অন্যান্য অঞ্চলেও কমলার আবাদ বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং দেশের ফলের বাজারে স্থানীয় উৎপাদনের অংশও সম্প্রসারিত হবে।



