কেন্দুয়ায় সিএনজি-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সংগৃহীত ছবি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুশীল বিশ্বশর্মা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল মিয়া (৩০) ও কামরুন্নাহার (৪০) নামের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকার ঘটনা এটি।
নিহত সুশীল বিশ্বশর্মা উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের প্রয়াত রমনী বিশ্বশর্মার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী সুশীল বিশ্বশর্মা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত জুয়েল মিয়া ও কামরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।




