যশোর
যাত্রীবেশে চালককে কুপিয়ে জখম করে ভ্যান ছিনতাই
কেশবপুর (যশোর) প্রতিনিধি

মফেজ উদ্দিন মোড়ল। সংগৃহীত ছবি
যশোরের কেশবপুরে যাত্রীবেশে এক বৃদ্ধ চালককে কুপিয়ে জখম করে তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় কেশবপুর-পাঁজিয়া সড়কে উপজেলার হদ এলাকায় এ ঘটনা ঘটে।
এসব তথ্য জানিয়েছেন কেশবপুর থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমান।
আহত ব্যক্তির নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্যান নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন মফেজ। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হদ এলাকায় যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠেন। পরে ওই যাত্রীকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন মফেজ। হদ এলাকায় পৌঁছালে নির্জন স্থানে ভ্যান থামানোর জন্য বলেন তিনি। এ সময় ওই ব্যক্তি ধারালো কোনো অস্ত্র দিয়ে মফেজের মাথায় আঘাত করে তাকে জখম করেন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান।
পরে ওই সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় লোকজন মফেজকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।




