গলাচিপায় অবৈধ দুই ইটভাটায় অভিযান, জরিমানা এক লাখ টাকা

সংগৃহীত ছবি
অবৈধভাবে স্থাপিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার চিমনি ভেঙে ফেলা, কাঁচা ইট ধ্বংস এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার গোলখালী এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স হাওলাদার ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভাটাগুলো ড্রাম চিমনির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় প্রতিটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয় ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং ভাটায় থাকা কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। এ সময় ছিলেন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূতভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণরোধ এবং আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’




