টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহ ফেলে রাখা হয় মাঠে

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুর মহানগরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবকের মরদেহ পাশের মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রাখা হয়।
নিহত রানা টঙ্গী পূর্ব থানার এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার হানিফ নামের এক ব্যক্তির বাড়িতে রানা প্রবেশ করেন। এ সময় তাকে চোর সন্দেহে আটক করা হয়। পরে ওই বাড়ির ম্যানেজার ও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ভাড়াটিয়া মিলে রানাকে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে ঘটনাটি ধামাচাপা দিতে সকাল সাড়ে ১১টার দিকে রানার মরদেহ পাশের মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে ফেলে রেখে তারা পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ।
সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বললেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



