চিলমারীতে ‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা কিশোরী, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

গ্রাফিকস: আগামীর সময়
কুড়িগ্রামের চিলমারীতে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মতিবর ফকির (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষায় ওই কিশোরীর প্রায় পাঁচ মাসের গর্ভধারণের বিষয়টি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ।
উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মতিবর একই এলাকার বাসিন্দা।
কিশোরীর পরিবারের সদস্যরা জানালেন, কিছু দিন ধরে কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন তারা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানালেন চিকিৎসকরা। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। একই সঙ্গে মামলা না করার জন্য পরিবারকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।
কিশোরীর মামা জানিয়েছেন, মতিবরের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন তিনি।
অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি।




