৫০ টাকার অভিমানে ১৬ বছরের কিশোরের আত্মহত্যা!

ফাইল ছবি
মাত্র ৫০টাকার আবদার পূরণ না হওয়ায় ১৬ বছরের রুদ্র আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে যশোর শহরের বেজপাড়া রানার অফিস রোডের নিজ বাসায় আত্মহনন করে ওই কিশোর।
নিহত রুদ্র শহরের বেজ পাড়ার সাধন বসুর ছেলে এবং স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবারের সদস্যদের দাবি, গতকাল বুধবার মায়ের কাছে ৫০ টাকা চায় রুদ্র। টাকা না পাওয়ার ক্ষোভে বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল রানা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

