জনগণের রায় না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান

১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কথা বলেন শফিকুর রহমান। ছবি: আগামীর সময়
জনগণের রায় মেনে না নিলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার সকালে সাত দফা দাবিতে ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিরোধীদলীয় নেতা বলেছেন, জনগণের এক দফা দাবি মেনে নিলে সরকার সম্মানিত হবে। অন্যথায় সরকারকে চরম মূল্য দিতে হবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা ঘর থেকে বের হয়েছেন। দাবি আদায় করেই ঘরে ফিরবেন।
পরে মুন্সিগঞ্জের জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে খুলনার উদ্দেশে রওনা হয়।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে দলগুলো।
রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চ খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা।




