কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ জেলা প্রশাসনের অভিযান
ময়মনসিংহ নগরীতে কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে মেসার্স প্রিয়া ফুডসকে ১০ হাজার টাকা এবং মেসার্স সুরুজ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ মেট্রোপলিটন কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ময়মনসিংহের মেছুয়া বাজারে অবস্থিত মেসার্স প্রিয়া ফুডস এবং ছোট বাজারের মেসার্স সুরুজ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে মুগ ডালের নমুনা পরীক্ষা করা হয়।
অভিযানটির সার্বিক সমন্বয় করেন ময়মনসিংহ মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান। এ সময় জেলা পুলিশের একটি দল এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



