পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর বাইরে সনাতনী ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। তবে এজন্য নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া দূর্গা মন্দির প্রস্তুত করা হচ্ছে।
গুপ্তপাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, আমরা এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআই পরিদর্শন করে গেছেন। আমরাও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এ জন্য আমাদের প্রস্তুতিও রয়েছে।
সফরসূচি অনুযায়ী আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় তেজগাওঁ বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। সড়কপথে রংপুরে পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করবেন সকাল ১১টায়। সাড়ে ১১টায় ফের সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে সমন্বয় জোরদার, সাংগঠনিক প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর তিলোত্তমা হোটেলে এক জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাফুুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে আসছেন। যা আমাদের নগরীকে আলোকিত করবে।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।




