ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা, বড় ভাই গ্রেপ্তার

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাই রাফি ওরফে মোহনকে (৩৪) কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উজ্জল মিয়াকে (৩৮)। শনিবার রাতে শরিয়তপুরের চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।উজ্জলের বাড়ি ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ায়।
মামলার নথি থেকে জানা যায়, রাফি ছিলেন গার্মেন্টস কর্মী। উজ্জল পেশায় অটোরিকশা চালক এবং মাদকাসক্ত। কয়েকমাস ধরে বাবার কাছে বাড়ির দলিল চাইছিলেন তিনি। রাজি না হওয়ায় ছোট ভাই রাফিকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেন তিনি। এ নিয়ে কথা-কাটাকাটি হয় দুই ভাইয়ের। এর জেরে শুক্রবার সকালে নিজ বাড়িতে রাফিকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন উজ্জ্বল।
রাফির চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান উজ্জ্বল। স্বজনরা রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় হত্যা মামলা করেন তাদের বাবা বাবুল মিয়া। অভিযান চালিয়ে শনিবার রাতে আসামিকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
থানার ওসি মাহাবুবুর আলম জানান, নিজস্ব সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় উজ্জলকে।





