তরমুজে বিল খুকশিয়ার চাষিদের হাসি

গ্রাফিকস: আগামীর সময়
মাছের ঘেরের পাড়ে সারি সারি তরমুজের মাচা। মাচায় ঝুলছে নানা আকারের তরমুজ। ফলন ভালো হওয়ায় খুশি যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়ার চাষিরা। তবে খাল খননের কারণে ঘেরের পাড়ের জমি কমে যাওয়ায় এবার তরমুজের আবাদ অর্ধেকে নেমেছে।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছর বিল খুকশিয়ায় ১০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছিল। এবার হয়েছে মাত্র পাঁচ হেক্টরে। খাল খননের কারণে ঘেরের পাড়ের বেশ কিছু জমি নষ্ট হওয়ায় আবাদ কমেছে বলে জানিয়েছেন চাষিরা।
কেশবপুর উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে শ্রীহরি নদীর তীরে বিল খুকশিয়া। প্রায় ৬ হাজার ৩৭৫ বিঘা ফসলি জমির এই বিল দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় কৃষকরা নিয়মিত ফসল ফলাতে পারতেন না। ২০০৫ সালে জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড জোয়ার-আঁধার টিআরএম প্রকল্প গ্রহণ করে। পরে বিলের জমিতে মাছের ঘের গড়ে ওঠে। সেই ঘেরের পাড়ে শুরু হয় গ্রীষ্মকালীন তরমুজের চাষ।
এলাকার চাষি ও ইউপি সদস্য আফসার গাজী ২০ বিঘা জমির ঘেরের পাড়ে মাচা তৈরি করে তরমুজ চাষ করেছেন। চাষি ইসমাইল খাঁ ২০ শতাংশ জমিতে তরমুজ ফলিয়ে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন। তার উৎপাদিত তরমুজের সর্বোচ্চ ওজন ছিল ১২ কেজি।
কাকবাঁধাল গ্রামের আবদুল হালিম ১২০টি মাচায় তরমুজ চাষ করেছেন। তিনি উৎপাদিত তরমুজ ট্রাকে করে সাভারের আশুলিয়ায় নিয়ে পাইকারি বিক্রি করেন। এ ছাড়া যশোর, কালীগঞ্জ ও সাতক্ষীরার বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে বিলের তরমুজ।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী জানালেন, খাল খননের কারণে ঘেরের পাড়ের জমি কমে যাওয়ায় এবার তরমুজের আবাদ অর্ধেকে নেমেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানালেন, গত বছর এ বিলে প্রায় ১০০ জন চাষি তরমুজ আবাদ করেছেন। এবারও চাষিরা ভালো ফলন পেয়েছেন। এখানে সর্বোচ্চ ১৪ কেজি ওজনের তরমুজ উৎপাদিত হয়েছে। এশিয়ান-২, পাকিজা সুপার, ব্ল্যাক কিং ও ব্ল্যাক কুইন জাতের তরমুজ বেশি চাষ হচ্ছে। চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আশুলিয়ার বাজারে তরমুজ বিক্রিতে কৃষি বিভাগ সহযোগিতা করছে।



