রূপগঞ্জে মুক্তিযোদ্ধার দুই ছেলের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের ওপর হামলা, দোকানে লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জুম্মন ভূইয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১ জুন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকার মিঠাব এলাকায় ঘটনাটি ঘটে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাছুমাবাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাছেদ ভূইয়ার ছেলে সুমন ভূইয়া তার মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে একই এলাকার কয়েকজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা আরও ২০ থেকে ২৫ জন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন।
সুমন ভূইয়া এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছোট ভাই জুম্মন ভূইয়াকেও মারধর করা হয়। এতে দুই ভাই আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে অভিযুক্তরা দোকানে ঢুকে ক্যাশবাক্সে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তারা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকিও দেয়।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারীরা চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আহত দুই ভাইকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে জুম্মন ভূইয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তাদের ভাষ্য, ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





