টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সংগৃহীত ছবি
টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ মঙ্গলবার এ রায় দেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. নুরুন্নবী (২৭)। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবধুলুটিয়া গ্রামে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানিয়েছেন, ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালপুর উপজেলার গাঙাপাড়া গ্রাম থেকে রায়হানুল ইসলাম আরাফ নামে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করেন নুরুন্নবী। এ ঘটনায় শিশুর দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় অপহরণ মামলা করেন। পরে পুলিশ নুরুন্নবীকে গ্রেপ্তার করে।
তিনি বলেছেন, ‘আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুন্নবী। তার স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈরে রেললাইনের পাশের একটি ডোবা থেকে আরাফের মরদেহ উদ্ধার করা হয়। আরাফকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ এবং হত্যা করে মরদেহ গুম করার কথা জানান তিনি।’





