সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ঢাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউস গ্রেপ্তার। ছবি: আগামীর সময়
ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নেতার নাম এ এস এম ফেরদাউসকে (২৮)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি। ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েক দিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তার পরিবার।
ওসি বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।




