শেরপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

মঙ্গলবার রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: আগামীর সময়
শেরপুরে বাসের ধাক্কায় মো. জুয়েল (৪২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, অটোরিকশাটি শেরপুর থেকে নকলা যাচ্ছিল। হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। আহত হন চার যাত্রী। আহতদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি খোকন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




